বরখাস্ত হওয়ার আগে ব্রেট সিলভিয়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক কৌশল নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিভাগ।
এর আগে একই পদে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের উদ্যোগে অবসরে যেতে হয়েছিল।
তবে সিলভিয়াকে বরখাস্ত করার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।
এদিকে, ব্রেট সিলভিয়ার ৩২ বছরের সামরিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জয়েন্ট স্টাফ। সংস্থাটির এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ এবং যৌথ সামরিক বাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তাঁর পরিবারের প্রতি দেশের জন্য ৩২ বছরের গৌরবময় সেবার জন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের ভবিষ্যৎ জীবন ও নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানাই।’
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলার মধ্যেই সিলভিয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সামনে এলো। তবে এই বরখাস্তের সঙ্গে ইরান পরিস্থিতির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন