সভাপতি জুবাইরুল হক ভূঁইয়া নাহিদ, সাধারণ সম্পাদক রেভা. ডেভিড বৈদ্য
ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬: ধর্মীয় স্বাধীনতা, বিশ্বাসের অধিকার এবং বহুত্ববাদী সমাজের মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয়ে গঠিত হয়েছে FoRB Forum National Coordination Committee-এর জাতীয় সমন্বয় কমিটি। বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ আরও সুদৃঢ় করাই নবগঠিত এই কমিটির মূল লক্ষ্য।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবাইরুল হক ভূঁইয়া নাহিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রেভা. ডেভিড বৈদ্য। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, পেশাজীবী, নাগরিক সমাজ ও দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়েছে এই কমিটি।
নেতৃত্বে বৈচিত্র্য, লক্ষ্য সম্প্রীতি
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি (নারী) লাবণী ইয়াসমিন লুনি, সহ-সভাপতি আশুতোষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) সোমা মুৎসুদ্দি, যুগ্ম সম্পাদক হাসিনা বেগম নীলা, সাংগঠনিক সম্পাদক শুভ দেব কর এবং অর্থ সম্পাদক পবিত্র মোহন দাশ।
এ ছাড়া গণমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে আরিফ আহমেদ মুন্না, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে ফরিদা আক্তার বিউটি এবং আইন ও প্রশাসনিক যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে সাওদা খাতুন বিপনী দায়িত্ব পালন করবেন।
আন্তঃধর্মীয় সমন্বয় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম, স্বরূপানন্দ ভিক্ষু, বিমল চন্দ্র চক্রবর্তী ও ফিলিপ সমদ্দার।
কমিটিতে বিভিন্ন জেলার প্রতিনিধিদের নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে দেশের প্রতিটি জেলা থেকে একজন করে প্রতিনিধি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
ধর্মীয় স্বাধীনতা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ
নবগঠিত কমিটির কর্মপরিকল্পনায় ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও আস্থা তৈরি এবং ধর্মীয় ও সামাজিক নেতাদের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
একই সঙ্গে ধর্মীয় অসহিষ্ণুতা ও সামাজিক বিভাজন প্রতিরোধে নাগরিক উদ্যোগকে উৎসাহিত করা, তরুণদের মানবিক মূল্যবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠার কাজে সম্পৃক্ত করা এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হবে।
বহুত্ববাদী বাংলাদেশ গড়ার প্রত্যয়
কমিটির নেতৃবৃন্দের মতে, বাংলাদেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও বহুত্ববাদী ঐতিহ্য রক্ষায় সম্মিলিত নাগরিক উদ্যোগ অপরিহার্য। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন পারস্পরিক দূরত্বের কারণ না হয়ে ওঠে, বরং শ্রদ্ধা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে ঐক্যের ভিত্তি তৈরি হয়, সেই লক্ষ্যেই কাজ করবে FoRB Forum National Coordination Committee।
ধর্ম-বিশ্বাসের ভিন্নতা নয়, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধই হোক ঐক্যের ভিত্তি, এই অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত জাতীয় সমন্বয় কমিটি।
মন্তব্য করুন