বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি মোংলায় পৌঁছান। এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলায় পৌঁছেছেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি সড়কপথে খুলনায় যাবেন। সেখানে জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। সকাল সাড়ে ১০টায় বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এরপর বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দর থেকে সড়কপথে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রা করে দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁর।
মন্তব্য করুন