ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে বড় ধরনের ঘোষণা দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানকে যুদ্ধে পরাজিত করার পর শিগগিরই হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে তার।
শুক্রবার নিউইয়র্কের নাসাও জেলা পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেন। একই সঙ্গে ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানান তিনি। এই অবরোধকে ‘ইস্পাতের দেয়াল’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলে ইরান বিধিনিষেধ আরোপ করলে এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে।
পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে শান্তি সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার অভিযোগের পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ইরান ফের প্রণালিতে বিধিনিষেধ আরোপ করে এবং যুক্তরাষ্ট্রও ইরানের ওপর অবরোধ আরও কঠোর করে।
বর্তমানে তেহরানের অবস্থান হলো, হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে না। অন্য দেশগুলোর জাহাজ চলাচলের ক্ষেত্রেও ইরানের অনুমোদন ও নির্দিষ্ট শর্ত মানার কথা বলছে দেশটি।
এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে ‘অভিভাবকের’ ভূমিকায় রাখার পাশাপাশি বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের কথাও বলেছিলেন। তবে পরে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি।
ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি বলেছেন, হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না। তার দাবি, হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে এবং ভবিষ্যতেও ইরানের নিয়ন্ত্রণেই থাকবে।
হরমুজ প্রণালি কখন বন্ধ বা খোলা হবে, সে সিদ্ধান্ত তেহরানই নেবে বলেও জানান ইরানের এই কর্মকর্তা।
মন্তব্য করুন