দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে এ বিষয়ে আলোচনা হয়। জবাবে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের সংকট নিরসনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী জানান, সংকটের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠান। বর্তমানে মালয়েশিয়া সফররত শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন কুয়ালালামপুরে সেই চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এরপর মঙ্গলবার দুপুর ২টায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। জবাবে আনোয়ার ইব্রাহিম জানান, তিনি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মালয়েশিয়া সরকার বাংলাদেশের মানুষের দুর্ভোগ লাঘবে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে। সম্ভাব্য সহযোগিতার মধ্যে এলএনজি (LNG) সরবরাহ, প্রযুক্তিগত সহায়তা, অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজনীয় অন্যান্য সম্পদ ভাগাভাগির বিষয়ও থাকতে পারে।
তিনি আরও বলেন, বর্তমানে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে যে ঘাটতি তৈরি হয়েছে, তা যত দ্রুত সম্ভব কমিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা, আরপিজিসিএলসহ সংশ্লিষ্ট সব সংস্থা দিনরাত কাজ করছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংকট সমাধানে সম্ভাব্য সব কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি দেশটির অভিজ্ঞতা, প্রযুক্তিগত পরামর্শ এবং অন্যান্য সম্পদ কাজে লাগিয়ে কীভাবে দ্রুত সংকট মোকাবিলা করা যায়, সে বিষয়েও আলোচনা চলছে।
সরকার আশা করছে, মালয়েশিয়ার সহযোগিতা পেলে দেশের চলমান গ্যাস সংকট নিরসনে ইতিবাচক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।
মন্তব্য করুন