ভারতের মহারাষ্ট্রের আহিল্যানগর জেলায় মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ কম নম্বর পাওয়ার হতাশায় এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পরীক্ষায় ১৬৬ নম্বর পাওয়ার পর থেকেই মানসিক চাপে ছিলেন অঙ্কিতা সাংগলে নামের ওই শিক্ষার্থী।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আহিল্যানগর জেলার জালালপুর গ্রামের নিজ বাড়ির একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারাঠি ভাষায় লেখা একটি চিঠি উদ্ধার করে।
চিঠিতে অঙ্কিতা পরিবারের সদস্যদের উদ্দেশে লেখেন, তারা তাকে অনেক ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, কিন্তু তিনি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। নিট পরীক্ষার প্রস্তুতির সময় পরিবারের সদস্যরা তার জন্য অনেক ত্যাগ স্বীকার করলেও পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠির শেষদিকে তিনি তার ভাইকে বাবা-মায়ের যত্ন নেওয়ার অনুরোধ করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মন্তব্য করুন