জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আত্মপ্রকাশ করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, স্বাধীনতা এবং জনগণের জানার অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে ফেস দ্য পিপল-এর সম্পাদক সাইফুর সাগরকে আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের আহসান কামরুলকে সদস্য সচিব করা হয়েছে।
‘সময়ই এই সংগঠনের জন্ম দিয়েছে’
আত্মপ্রকাশের পর সংগঠনটির লক্ষ্য ও অবস্থান তুলে ধরে আহ্বায়ক সাইফুর সাগর বলেন, সময়ের প্রয়োজনেই জেজেইউর সৃষ্টি। জুলাইপন্থী সাংবাদিকদের জন্য সংগঠনের দরজা উন্মুক্ত থাকবে।
তিনি বলেন, গণমাধ্যমকে সঠিক পথে রাখতে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালনে জেজেইউ কাজ করে যাবে।
সদস্য সচিব আহসান কামরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংবাদমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। তবে গণমাধ্যমের কাছে মানুষের প্রত্যাশা এখনো শেষ হয়ে যায়নি। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই অভ্যুত্থানে অংশ নেওয়া সাংবাদিকদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে।
আত্মসমালোচনার আহ্বান উপাচার্যের
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাংবাদিকদের নিজেদের ভূমিকা নিয়েও আত্মসমালোচনার আহ্বান জানান।
তিনি বলেন, অন্যের সমালোচনা করার আগে নিজেদের ভুল-ত্রুটি নিয়ে ভাবতে হবে। অতীতের ভুল যেন নতুন করে ফিরে না আসে, সেদিকে সতর্ক থাকতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সৃষ্টিশীল কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দেন তিনি।
ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, সাংবাদিকদের অংশগ্রহণ ও সমর্থন গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। দলান্ধতার বাইরে গিয়ে দেশের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
‘সরকার বদলালে যেন সাংবাদিকদের পালাতে না হয়’
আলোকচিত্রী শহীদুল আলম বলেন, অতীতে ক্ষমতাসীনদের সঙ্গে গণমাধ্যমের একটি অংশের যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যেন তার পুনরাবৃত্তি না ঘটে।
দেশের মানুষের স্বার্থে নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সরকার পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদের পালিয়ে বেড়ানোর পরিস্থিতি তৈরি হবে না।
‘জুলাইয়ের সাংবাদিকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’
জেজেইউর যুগ্ম আহ্বায়ক তালুকদার রুমী বলেন, ফ্যাসিবাদী সময়েও অনেক সাংবাদিক আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। অথচ তাদের অনেকে তখন যেমন বঞ্চিত ছিলেন, এখনো সেই বঞ্চনা কাটেনি।
জুলাইয়ের সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় জেজেইউ কাজ করবে বলে জানান তিনি।
সংগঠনের সদস্য ও অনলাইন বাংলার সম্পাদক খোমেনি এহসান বলেন, নির্ভয়ে সত্য বলার অধিকার নিশ্চিত করাই জেজেইউর অন্যতম লক্ষ্য। হামলা, মামলা কিংবা চাকরি হারানোর ভয় যেন কোনো সাংবাদিকের কলম থামিয়ে দিতে না পারে, সেই পরিবেশ তৈরিতে সংগঠনটি কাজ করবে।
তিনি আরও বলেন, সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা এবং জনগণের জানার অধিকারের প্রশ্নে জেজেইউ আপসহীন থাকবে।
কমিটিতে যারা
জেজেইউর আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতির প্রকাশক লুৎফর রহমান বাদল, দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমী, মাহমুদ রাকিব, আকতার হাবীব, শিমুল পারভেজ, রিয়াজুর রহমান রিয়াজ ও ইসরাফিল ফরাজী।
যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আবদুর রহিম, কেফায়েত শাকিল, নুরুল ইসলাম খান মামুন, ওবায়দুর রহমান, একেএম রেজাউল করিম, নিজাম উদ্দিন দরবেশ ও রহমতুল্লাহ।
সদস্য হিসেবে রয়েছেন খোমেনি এহসান, আল ইমরান, অন্তু মোজাহিদ, জালাল আহমেদ, রাকেশ রহমান, সাজ্জাদ হোসেন, ফখরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মিফতাহুল জান্নাত, ফারজানা ববি, তাসবির ইকবাল, মোর্শেদুল আলম, কেফায়েত রুমী, মেহেদী হাসান বাপ্পি, রাশেদ মানিক, ওমর ফারুক, এইচএম ইমরান হোসেন ও মেহরাজ রাব্বি।
শহীদ পরিবারের প্রত্যাশা
আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামানও বক্তব্য দেন।
তারা দেরিতে হলেও জুলাইয়ের সাংবাদিকদের নিয়ে এমন একটি সংগঠনের আত্মপ্রকাশকে স্বাগত জানান। একই সঙ্গে তারা মনে করিয়ে দেন, মতাদর্শ বা রাজনৈতিক অবস্থানের পার্থক্য থাকলেও অন্যায়-অবিচারের শিকার যেন কেউ না হন, সেটি নিশ্চিত করাও সাংবাদিকদের দায়িত্ব।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত সাংবাদিকদের পেশাগত অধিকার, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জবাবদিহি নিয়ে নতুন করে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরি হলো।
মন্তব্য করুন