মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা কোনো বাইরের দেশের নির্দেশ বা চাওয়ায় প্রতিষ্ঠিত হতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘গ্লোবাল টাউন হল ২০২৬’ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আরাগচি বলেন, শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে আন্তর্জাতিক নিয়মকানুনের প্রতি মানুষের আস্থা কমে যায়। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো অন্যায় ও হামলার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে তাদের ওপর মানুষের বিশ্বাস আরও ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।
পৃথিবীতে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক আলোচনা ও কূটনীতির গুরুত্ব তুলে ধরে আরাগচি বলেন, যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। যুদ্ধের অর্থনৈতিক ও মানবিক ব্যয়ের সবচেয়ে বড় বোঝা সাধারণ মানুষকেই বহন করতে হয়।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিদেশি শক্তির সামরিক উপস্থিতি কিংবা চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করতে হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মান বাড়াতে হবে এবং আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করতে হবে।
আরাগচির বক্তব্যের মূল বিষয় ছিল আঞ্চলিক দেশগুলোর নিজেদের মধ্যে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে তাঁর আগের বক্তব্যগুলোতেও কূটনীতি ও আঞ্চলিক ব্যবস্থার গুরুত্ব উঠে এসেছে।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন