ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এসব বিস্ফোরণ ঘটে।
বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরপর বিস্ফোরণের শব্দে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথমে জগন্নাথ হলের সামনে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর টিএসসি মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে আরও একটি বিস্ফোরণ ঘটে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন পুলিশ ও সহকারী প্রক্টরদের ঘটনাস্থলে পাঠান। কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
প্রক্টর কার্যালয়ের নিরাপত্তাকর্মী দলের প্রধান ইউসুফ হারুন জানান, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জগন্নাথ হলের সামনে বিস্ফোরণের সময় ওই সড়ক দিয়ে কোনো গাড়ি যেতে দেখা যায়নি। কেউ হলের ওপর থেকে ককটেল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত নয়।
অন্যদিকে, টিএসসি মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কের বিস্ফোরণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের বরাতে মোটরসাইকেলে করে এসে কেউ ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তে এ তথ্যও এখনো নিশ্চিত হয়নি।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল জানান, তিনি নিজেও বিস্ফোরণের শব্দ শুনেছেন। হলের মূল গেটের বাইরের সড়কে বিস্ফোরণটি ঘটে বলে দারোয়ানরা জানিয়েছেন। ঘটনার পর হলের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের প্রবেশে সতর্কতা জারি করা হয়েছে।
এ ঘটনায় কারা জড়িত এবং বিস্ফোরণগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাই করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন