জনগণের অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনে এক দফার আন্দোলনে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের যাত্রাপথে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এক পথসভায় তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, অতীতে জনগণের গণরায় উপেক্ষা করে কোনো শাসকগোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিয়ে ‘ছিনিমিনি খেলা’ বন্ধ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনগণের মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে হবে।
শুধু ক্ষমতায় থাকার জন্য জনগণের ভোটাধিকার নিয়ে কারচুপি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মামুনুল হক বলেন, জনগণের অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনে এক দফার দিকে ধাবিত হবে।
ভারতের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের আদালত থেকে জারি হওয়া পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে হস্তান্তর করতে হবে। বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে দেখতে চায় না জনগণ।
মন্তব্য করুন