মুম্বাইয়ে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলতে গিয়ে নিজের বাড়ির পুরোহিতের প্রতিক্রিয়ার কথা জানান অভিনেত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি, অনুপ সোনী, প্রযোজক একতা কাপুর ও পরিচালক দীপক কুমার মিশ্রসহ অনেকে।
তামান্না জানান, ১৫ সেপ্টেম্বর তার বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজা শেষে তার পুরোহিত সিনেমাটির ‘ছট মাইয়া’ গানের ভিডিও দেখেন। গানটিতে ছট পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠান যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে তিনি প্রশংসা করেন।
অভিনেত্রীর ভাষ্য, তার পুরোহিত গানটির প্রতিটি বিষয় খুব মনোযোগ দিয়ে দেখেছেন। ছট পূজার গুরুত্ব সিনেমায় যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে তিনি বেশ খুশি হয়েছেন। এমনকি সবাই মিলে সিনেমাটি দেখতে যাওয়ার কথাও জানিয়েছেন।
ছবিটি পুরোপুরি ছট পূজাকে কেন্দ্র করে নির্মিত কি না—এমন প্রশ্নের জবাবে তামান্না বলেন, গল্পে ছট পূজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে সিনেমাটির মূল বিষয় বনদেবীকে ঘিরে।
তামান্না আরও বলেন, ছট শুধু একটি পূজা বা উৎসব নয়; এর সঙ্গে মানুষের গভীর আবেগ জড়িয়ে আছে। সিনেমায় ছট পূজা ঘিরে বড় পরিসরের একটি দৃশ্য দেখানো হয়েছে, যা বড়পর্দায় দর্শকদের দেখার সুযোগ হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন