রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার এবং প্রবেশপথগুলোতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ের পাশাপাশি নগরীর প্রবেশদ্বারগুলোতেও চলছে কড়া নজরদারি।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বিশেষ অভিযানও চলমান রয়েছে।
নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও পিকেট ডিউটি জোরদারের পাশাপাশি থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলের সংখ্যা বাড়ানো হয়েছে। বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে মাঠে ডিবি, সিটিটিসি ও এপিবিএনের সদস্যদেরও মোতায়েন রাখা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের প্রতিটি বিভাগ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
মন্তব্য করুন