শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা, দক্ষতা উন্নয়ন ও ক্যাম্পাসভিত্তিক সংবাদ পরিবেশনে নতুন দিগন্তের সূচনা করেছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ (বাইবিসাস)।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমে কর্মরত সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত ১০ সদস্যের প্রতিষ্ঠাকালীন কমিটিতে সভাপতি হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও এটিএন বাংলার সংবাদকর্মী হাবিবুল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী, দ্য ডেইলি ক্যাম্পাসের ক্যাম্পাস প্রতিনিধি ও মেডিভয়েসের স্টাফ রিপোর্টার মুজাহিদুল ইসলাম।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নয়া দিগন্তের সাদাফ হোসেন জিহাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্দীন মজুমদার, প্রচার ও দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, প্রকাশনা সম্পাদক শওকত জামিল প্রিন্স, আইটি সম্পাদক আল আমীন, অর্থ সম্পাদক আবিদ হাসান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
‘সাংবাদিকতায় নৈতিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.) বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের বিষয় নয়, এটি দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সম্পৃক্ত একটি মহান পেশা।
তিনি বলেন, সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার প্রবণতাও রয়েছে। তাই সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সতর্কতা, দায়িত্বশীলতা এবং নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ না থাকায় সাংবাদিকতা বর্তমানে এক্সট্রা কারিকুলাম কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন উপাচার্য। একই সঙ্গে তিনি একাডেমিক, কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সাংবাদিক সমিতিকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
বাইবিসাসের কার্যক্রমকে উৎসাহিত করে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নামে নিয়মিত একটি ম্যাগাজিন প্রকাশের সুযোগ দেওয়ার কথাও জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ন রেখে সংবাদ প্রকাশের বিষয়ে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রশিক্ষণ ও ফ্যাক্ট-চেকিংয়ে গুরুত্ব
নবগঠিত কমিটির পক্ষ থেকে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ক্যাম্পাস রিপোর্টিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ, ফ্যাক্ট-চেকিং ও সংবাদ যাচাই বিষয়ে সেমিনার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে সরাসরি সংবাদ কাভারেজ।
সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকতা চর্চার নানা দিক নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ লেখা ও গণমাধ্যমের পেশাগত নীতিমালা সম্পর্কে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বিরুনী, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন ক্লাবের পরিচালক ও নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্রশিবির ও ছাত্রদলের সভাপতিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক সমিতির গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড দেশ ও সমাজের সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ডেইলি সানের সাংবাদিক কামরান আহমেদ ও আমাদের বসুন্ধরা পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন। তারা নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্যের নেতৃত্বে কেক কেটে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাইবিসাস) আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ সমিতির স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা তুলে ধরেন। শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার সুযোগ তৈরি, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে বাইবিসাসকে একটি কার্যকর ও পেশাদার সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন