রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে যাত্রাবাড়ীতে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক রিকশাচালক আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে মিরপুর, পল্লবী, বাড্ডা ও যাত্রাবাড়ীতে এসব ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর কিছুক্ষণ পর মিরপুর-১ নম্বর এলাকায় অভিজাত পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বাসটির একটি আসন পুড়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগে। বাসটি আলিফ এন্টারপ্রাইজের বলে জানা গেছে। আগুনের সূত্রপাত অগ্নিসংযোগ নাকি অন্য কোনো কারণে—তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার বিপরীতে হাজী সামাদ মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনার বিভিন্ন স্থান ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
এর আগে শুক্রবারও রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
মন্তব্য করুন