ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীদের তালিকা যাচাই-বাছাই করে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদেরই টিসিবির কার্ড দেওয়া হয়েছে। তবে পণ্যের সরবরাহব্যবস্থায় এখনো পুরোপুরি স্থিতিশীলতা আসেনি। উৎপাদন ও খুচরা মূল্যের মধ্যে বড় ব্যবধান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
টিসিবির কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলেও যাতে প্রকৃত কার্ডধারীরা পণ্য পাওয়া থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এ সেবা আরও সহজ করা হবে বলেও জানান তিনি।
ডিলার নিয়োগ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অনলাইন ডিলার সিস্টেম চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হবে।
তিনি বলেন, কর্মসংস্থানের অভাব থাকলেও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিলার নিয়োগ দেওয়া সম্ভব নয়। কোনো খাতেই প্রয়োজনের চেয়ে বেশি মানুষ নিয়োগ দেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তরের ফলে বছরে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে বলেও সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে।
মন্তব্য করুন