ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইসরাইলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নিতে সৌদি আরব যোগাযোগ করছে বলে দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম। এ যোগাযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম মধ্যস্থতা করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইসরাইল হায়োম’। পরে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ‘টাইমস অব ইসরাইল’।
প্রতিবেদন অনুযায়ী, হুথিদের বিষয়ে ইসরাইলের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই সৌদি আরবের যোগাযোগের মূল উদ্দেশ্য। এসব তথ্যের ভিত্তিতে হুথিদের সম্ভাব্য হুমকি মোকাবিলায় সৌদি আরব নিজেদের নিরাপত্তা পরিকল্পনা সাজাতে চায়।
‘ইসরাইল হায়োম’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হুথিদের মোকাবিলায় সেন্টকমের সহায়তা চেয়েছেন। পাশাপাশি ইসরাইলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি বলে দাবি করা হয়েছে।
ইসরাইলের পাশাপাশি মিসর ও উপসাগরীয় অন্যান্য আরব দেশের কাছ থেকেও একই ধরনের সহায়তা চেয়েছে সৌদি আরব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর কোনো মন্তব্য করেনি। সেন্টকমও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা সরকারকে হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের আশঙ্কা, এতে ইসরাইল হুথি ও সৌদি আরবের সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়তে পারে।
দুটি সূত্রের বরাতে ‘হারেৎজ’ আরও জানিয়েছে, ইসরাইলি সামরিক কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বকে হুথিদের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক উদ্যোগের মধ্যে নিজেদের ভূমিকা সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য করুন