ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, কর পরিশোধের দাবি চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট করবর্ষগুলোর বিপরীতে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে।
এদিন আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক দুটি রিট করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।
পরে পুনর্মূল্যায়নের মাধ্যমে পাঁচ করবর্ষের বিপরীতে ৬৬৬ কোটি টাকা কর দাবির বিষয়ে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণ। ওই রিটের শুনানি শেষে ২০২৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ রিটগুলো খারিজ করে রায় দেন।
এরপর গণঅভ্যুত্থানের পর একই বছরের ২৯ আগস্ট হাইকোর্টের আরেকটি বেঞ্চ স্বপ্রণোদিতভাবে ওই রায় প্রত্যাহার করে নেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় এবং পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
নতুন বেঞ্চে শুনানি শেষে বৃহস্পতিবার গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে দেওয়া হলো। ফলে এনবিআরের দাবি অনুযায়ী গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে।
মন্তব্য করুন