শেষবারের মতো নীল-সাদা জার্সিতে মাঠে দেখা গেল ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টিনার মহাতারকা। জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনাকে এনে দেন ৩-০ গোলের জয়।
মেসির বিদায়ের আবেগ শুধু মাঠ কিংবা গ্যালারিতেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্বের কোটি ভক্তের মতো বাংলাদেশি তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নিজেদের অনুভূতি। প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে তাদের কথায় উঠে এসেছে ভালোবাসা, স্মৃতি ও একটি যুগের অবসানের বেদনা।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা মেসিকে নিয়ে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’
চিত্রনায়িকা পরীমনি দীর্ঘ এক আবেগঘন বার্তায় মেসির বিদায়কে শুধু একটি ম্যাচ নয়, বরং একটি যুগের সমাপ্তি হিসেবে তুলে ধরেছেন। তিনি ২০২২ বিশ্বকাপের স্মৃতি মনে করে লিখেছেন, মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি তার কাছে আবেগের এক বিশেষ মুহূর্ত। তার ভাষায়, ‘১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না।’
ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও মেসির বিদায়ী মুহূর্তে আবেগ প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের সোনালি যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন!’
অভিনেতা তৌসিফ মাহবুব মেসিকে ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ, লিও মেসি।’
এদিকে সংগীতশিল্পী বেলাল খান লিখেছেন, ‘ধন্যবাদ লিও, কিংবদন্তিরা মাঠ ছাড়েন, হৃদয় নয়।’ তিনি মেসিকে আবেগ, শৈশব ও গর্বের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, লিওনেল মেসি চিরকাল ভক্তদের হৃদয়ে থাকবেন।
মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের শেষ ম্যাচ তাই শুধু একটি ম্যাচের সমাপ্তি নয়, বরং কোটি ভক্তের কাছে স্মরণীয় হয়ে থাকল একটি সোনালি যুগের আবেগঘন বিদায় হিসেবে।
মন্তব্য করুন