সম্প্রতি সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, কয়েক বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন তার ছেলে। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানোও কঠিন হয়ে পড়েছে পরিবারের জন্য।
এমন পরিস্থিতিতে সমু চৌধুরীর পাশে দাঁড়িয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেবে সংগঠনটি।
রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তার পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। গতকাল সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তার পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’
তিনি জানান, সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি শুরু থেকেই পর্যবেক্ষণ করছে সংগঠনটি। প্রায় তিন বছর আগে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরও শিল্পীরা তার পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছিলেন।
রাশেদ মামুন অপু আরও বলেন, ‘প্রথম থেকেই আমরা সমু চৌধুরীর পাশে আছি। গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তখনই চিকিৎসার উদ্যোগ নিতে চেয়েছিলাম, কিন্তু তার পরিবার রাজি হয়নি। এবার চিকিৎসার জন্য পরিবারের সম্মতি পেয়েছি।’
সমু চৌধুরীর এমন কঠিন সময়ে সহকর্মীদের এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। এখন পরিবারের সম্মতিতে তার চিকিৎসার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন