ভিডিওটি প্রকাশ করে সোহানা সাবা ক্যাপশনে লিখেছেন, ‘রাজনৈতিকভাবে ফাঁসানো একজন ব্যক্তির জীবন’। তাঁর এই মন্তব্যের মাধ্যমে নিজের বর্তমান পরিস্থিতির কথাই তুলে ধরেছেন বলে ধারণা করছেন অনেকে।
জানা গেছে, আজ সোমবার (১৯ অক্টোবর) সোহানা সাবার একমাত্র ছেলের জন্মদিন। তবে ছেলের এই বিশেষ দিনে তার সঙ্গে সময় কাটানোর পরিবর্তে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যেতে হয়েছে অভিনেত্রীকে।
সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজ কোর্টে যান সোহানা সাবা। সেখান থেকেই ভিডিওবার্তায় নিজের আক্ষেপের কথা জানান তিনি। সাবা বলেন, আজ তাঁর একমাত্র ছেলের জন্মদিন। অথচ এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাঁকে।
এদিকে, ভিডিওটির ক্যাপশনে সমালোচকদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাঁদের উদ্দেশে ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ ও ‘বিদেশে বসে দেশ উদ্ধার’-এর মতো শব্দ ব্যবহার করেন তিনি। পাশাপাশি সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও মন্তব্য করেন।
ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিতে যাওয়া এবং নিজেকে রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি হিসেবে উল্লেখ করে সোহানা সাবার এই ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন