রাজধানীর কদমতলীর দনিয়া জামাল মিয়ার মার্কেট এলাকায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে দাঁড়িয়েছে ‘মমতা আলোয় শিশু ফাউন্ডেশন’। শুধু খাবার কিংবা নতুন পোশাক নয়, শিশুদের পরিচ্ছন্নতা ও সুস্থতার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক মানবিক কর্মসূচি।
শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এ আয়োজনে পথশিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি তাদের চুল কাটা, গোসল করানো এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। এতে শিশুদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।
কর্মসূচিতে ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাংবাদিক ও সমাজসেবীরা অংশ নেন। বক্তারা বলেন, পথশিশুরা সমাজেরই অংশ। তাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। বিশেষ করে শিশুদের মাদক, অপরাধ ও সন্ত্রাসের মতো ঝুঁকি থেকে দূরে রাখতে নিয়মিত মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম বাড়াতে হবে।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুল শেখ বলেন, পথশিশুদের জন্য শুধু একদিনের সহায়তা নয়, দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে ভ্রাম্যমাণ শিক্ষামূলক কার্যক্রম এবং অসহায় শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আয়োজকদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে পথশিশুদের জীবনেও ফিরতে পারে স্বাভাবিক শৈশবের আলো। একটি খাবার, একটি পোশাক কিংবা সামান্য যত্ন হয়তো বদলে দিতে পারে একটি শিশুর আগামী দিনের গল্প।
মন্তব্য করুন