ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইও আলোচনায় উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করা তেহরানের কৌশলগত নীতির অংশ।
বাঘেরির দাবি, নিজস্ব সক্ষমতার ভিত্তিতে গড়ে তোলা ইরানের প্রতিরক্ষা মডেল জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠায় সফল হয়েছে। আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
আইআরআইবি বৈঠকের নির্দিষ্ট সময় জানায়নি। তবে সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকটি সোমবারই অনুষ্ঠিত হওয়ার কথা।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা এবং সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং বাইরের শক্তিগুলোর ভূমিকা নিয়ে চার দেশের আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে ইরানের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের এ ধরনের যোগাযোগ নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে। তবে বৈঠকের আলোচ্যসূচি ও সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন