স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনা থেকে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমার মনে হয় না আমরা আলোচনা করছি। তবে একভাবে হোক বা অন্যভাবে, শিগগিরই কিছু একটা ঘটবে।’
ট্রাম্প আরও বলেন, অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন কী ঘটে, তা দেখার অপেক্ষায় রয়েছেন তারা।
এর আগে দক্ষিণ ক্যারোলাইনায় এক জনসভায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে তিনি এমন একটি সমাধান চান, যার প্রভাব দীর্ঘস্থায়ী হবে।
ট্রাম্পের দাবি, সামরিক ও অর্থনৈতিক—উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করেছে। একই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে অবগত কয়েকজনের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
তবে নতুন করে হামলা চালানোর অনুমতি ট্রাম্প দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর একাধিক পরিকল্পনায় ট্রাম্প সম্মতি দেননি।
এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, বাস্তবে আছে কি নেই, তা নিশ্চিত নয়—এমন সামরিক পরিকল্পনা নিয়ে প্রশাসন মন্তব্য করে না।
তথ্যসূত্র: আনাদোলু
মন্তব্য করুন