ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে উদ্যোগ, অর্থনৈতিক কমিশন গড়ছে কলম্বিয়া
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে কলম্বিয়ার নতুন সরকার। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় অর্থনৈতিক কমিশন গঠন এবং আগামী অক্টোবরে কলম্বিয়ার একটি সরকারি প্রতিনিধিদলের ইসরাইল সফরের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে ২০২৪ সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। এর প্রায় দুই বছর পর নতুন সরকার সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিল।
কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল রেস্ত্রেপো শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নতুন উদ্যোগের আওতায় ‘কলম্বিয়া-ইসরাইল দ্বিপক্ষীয় অর্থনৈতিক কমিশন’ গঠন করা হবে। পাশাপাশি আগামী অক্টোবর মাসে একটি কলম্বীয় প্রতিনিধিদলের ইসরাইল সফরের পরিকল্পনাও রয়েছে।
রেস্ত্রেপো বলেন, নতুন এই কাঠামোর মাধ্যমে বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং কলম্বিয়ার মেধাবীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
পরিকল্পিত সরকারি সফরে বাণিজ্য, উদ্ভাবন, ডিজিটাল প্রযুক্তি ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব সহযোগিতা নতুন গঠিত দ্বিপক্ষীয় অর্থনৈতিক কমিশনের মাধ্যমে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কলম্বিয়া।
শুক্রবার কলম্বিয়ার কর্মকর্তারা ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর এবং দেশটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। রেস্ত্রেপো এই আলোচনাকে দুই দেশের সম্পর্কের ‘নতুন অধ্যায়ের’ সূচনা হিসেবে উল্লেখ করেন।
২০২৪ সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সে সময় দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলছিল।
পেত্রো তখন বলেছিলেন, একটি ‘গণহত্যাকারী সরকারের’ সঙ্গে তিনি সম্পর্ক বজায় রাখতে পারেন না।
এ ছাড়া ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায়ও কলম্বিয়া হস্তক্ষেপ করেছিল। মামলাটি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা হয় এবং পরে আরও কয়েকটি দেশ এতে সমর্থন জানায়।
শুক্রবার (৭ আগস্ট) কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। এর আগে গত মাসে তিনি জানিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের পর ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবেন। একই সঙ্গে আইসিজিতে ইসরাইলের বিরুদ্ধে চলমান মামলায় কলম্বিয়ার হস্তক্ষেপ প্রত্যাহারের কথাও জানিয়েছিলেন তিনি।
এদিকে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা অব্যাহত রয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ৭৩ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২০০-এর বেশি আহত হয়েছেন।
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ২৫০ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ১১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
কলম্বিয়ার নতুন সরকারের উদ্যোগের ফলে দীর্ঘদিনের উত্তেজনার পর ইসরাইলের সঙ্গে দেশটির কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কোন পথে এগোয়, এখন সেটিই দেখার বিষয়।
তথ্যসূত্র: আনাদোলু
মন্তব্য করুন