শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ফাহিম ফারুকী বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সাম্প্রদায়িক উসকানি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
তিনি আরও বলেন, মঞ্চ ২৪ সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানে বিশ্বাসী। বাংলাদেশে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নিরাপদে পালনের অধিকার রয়েছে। সেই অধিকার সুরক্ষায় সামাজিক সচেতনতা ও সম্মিলিত দায়িত্ববোধ অত্যন্ত জরুরি।
ফাহিম ফারুকী বলেন, ধর্মীয় বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ধর্মীয় সম্প্রীতি ও মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা যাবে না।
তিনি দুর্গাপূজা উপলক্ষে দেশের সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা জোরদার করা এবং গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন