আইনের বিভিন্ন ফাঁকফোকর ও সীমাবদ্ধতার কারণে মাদক কারবারি ও ছিনতাইকারীদের অনেক সময় দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হয় না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হচ্ছে। তবে আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘদিন আটক রাখা সম্ভব হয় না। ফলে জামিন বা অন্যান্য আইনি প্রক্রিয়ায় বেরিয়ে এসে তারা আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। প্রত্যেক মাদক কারবারি ও ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে।’
মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান আলী হোসেন ফকির। তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম। প্রায় এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
মাদকাসক্তি নতুন প্রজন্মকে ধ্বংস করছে উল্লেখ করে আইজিপি বলেন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক নানা আকর্ষণীয় নামে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কখনো এগুলোকে ‘এনার্জি ট্যাবলেট’ হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়। তাই সন্তানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
মাদকের কারণে একটি পরিবার কীভাবে বিপর্যস্ত হয়, সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, একজন সন্তান মাদকে জড়িয়ে পড়লে শুধু তার নিজের জীবনই নষ্ট হয় না, পুরো পরিবারকেও এর খেসারত দিতে হয়।
জনবান্ধব ও জনগণমুখী পুলিশিংয়ের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, ‘আমাদের পুলিশিং হবে পিপল ওরিয়েন্টেড। জনগণের প্রতি আমরা জনবান্ধব হবো। কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।’
অনুষ্ঠানে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার গুরুত্বও তুলে ধরেন তিনি। ঢাকা শহরের পরিবেশ দূষণ কমাতে বেশি করে গাছ লাগানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন আইজিপি।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করেন আইজিপি মো. আলী হোসেন ফকির ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এ সময় কমিউনিটি ব্যাংকের এমডি, পরিচালক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন