সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে কথা বলেন তটিনী। তিনি জানান, প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। তবে বিষয়টি তিনি ইতিবাচকভাবেই দেখেন। কারণ, গুণী একজন অভিনয়শিল্পীর সঙ্গে তুলনা তাঁকে নিজের ক্যারিয়ার নিয়ে আরও সচেতন হতে অনুপ্রাণিত করে।
তটিনী বলেন, ‘অনেকেই বলেন—তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ। আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না, কারও জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে তুলনা করলে ভালো লাগে। তাঁর মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।’
মেহজাবীনকে নিজের প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তটিনী আরও বলেন, ‘আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তাঁর ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তাঁর পরিশ্রম, তাঁর অনেক অভিজ্ঞতা—তাঁর কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।’
অভিনয়ে আসার শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে তটিনী জানান, অনেকেই তাঁকে মেহজাবীনের কাজ অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন। শুধু অভিনয় নয়, ব্যক্তিত্ব ও আচার-আচরণের ক্ষেত্রেও মেহজাবীনকে অনুসরণ করতে বলতেন তাঁরা।
তটিনীর মতে, ক্যারিয়ারে এগিয়ে যেতে হলে সিনিয়র শিল্পীদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া জরুরি। তাঁদের অভিজ্ঞতা, কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারত্ব থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে।
বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ নিয়ে আলোচনায় রয়েছেন তটিনী। নাটকটিতে তাঁকে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে আসা এক তরুণীর চরিত্রে দেখা যাচ্ছে।
মন্তব্য করুন