প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়ানো বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর সমর্থনে কথা বলতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ‘মা’ ধারাবাহিকখ্যাত অভিনেত্রী তিথি বসু।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ চক্রবর্তী। বিশেষ করে গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের ভালো লাগার কথা জানান তিনি। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।
বিষয়টি নজরে আসার পর বিশ্বজিতের পক্ষে কথা বলেন তিথি। তিনি বলেন, বিশ্বজিৎ কাকু একজন সিনিয়র অভিনেতা এবং মানুষ হিসেবেও অসাধারণ। নিজের সততা থেকেই তিনি সত্যি কথা বলেছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি প্রত্যেকের ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
তিথি আরও দাবি করেন, চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অনেকেই প্রকাশ্যে বা আড়ালে গরুর মাংস খান। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের ধারাবাহিকেও এমন অনেক ব্রাহ্মণ শিল্পী-অভিনেতা ছিলেন, যারা সেটে গরুর মাংস নিয়ে আলোচনা করতেন।
এমনকি কলকাতার বিভিন্ন জনপ্রিয় স্থানে গরুর মাংস বিক্রি হলে সেখানে অনেক হিন্দুকে যেতে দেখেছেন বলেও দাবি করেন তিথি। তার ভাষ্য, বহু জনপ্রিয় শিল্পী ও চ্যানেল কর্মকর্তাকেও তিনি গরুর মাংস খেতে যেতে দেখেছেন।
তিথি বলেন, ‘অনেক মানুষ গরুর মাংস খান। এটাই বাস্তব। এমনকি মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি খান। যারা প্রকাশ্যে বলেন না, তাদের মধ্যেও অনেকে হয়তো আড়ালে খান।’
তিনি আরও বলেন, কার কী ধর্ম বা খাদ্যাভ্যাস, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। নিজের পছন্দ অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
তিথির এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ ব্যক্তিগত খাদ্যাভ্যাসের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত বিষয় হলেও তা প্রকাশ্যে প্রচার করার প্রয়োজন আছে কি না।
সব মিলিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীকে সমর্থন করতে গিয়ে নিজের মন্তব্যের কারণেই এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘ঝিলিক’খ্যাত তিথি বসু।
মন্তব্য করুন