দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আসা জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন আবারও কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। প্রায় তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি ওভারিয়ান ক্যানসারেও আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা ও মানসিক পরিস্থিতির কথা জানান সামিয়া। চিকিৎসকরা তার অসুস্থতাকে ‘হাই-গ্রেড কার্সিনোমা’ হিসেবে বর্ণনা করেছেন। বর্তমানে তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসার জয় করার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তোলেন।
তবে নতুন করে ক্যানসার শনাক্ত হওয়ার পর আবারও শুরু হয়েছে তার চিকিৎসার কঠিন অধ্যায়। সামিয়া জানান, এবার ম্যালিগন্যান্ট শনাক্ত হওয়ার পর দ্রুত অস্ত্রোপচার করতে হয়েছে। এরপর চিকিৎসকরা হাই-গ্রেড কার্সিনোমা শনাক্ত করেন এবং কেমোথেরাপির পরামর্শ দেন।
সামিয়া বলেন, প্রথমবার তাকে কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। তাই এবারের অভিজ্ঞতা তার কাছে একেবারেই ভিন্ন।
কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে—চিকিৎসকদের এমন পরামর্শের পর বিষয়টিকে নেতিবাচকভাবে না নিয়ে বরং স্বাভাবিকভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে নিজেই নতুন হেয়ারকাট করেছেন।
নিজের নতুন লুক নিয়ে সামিয়া বলেন, চুল পড়ে যাওয়ার আগেই নতুন লুকটি উদযাপন করে নিজেকে কিছুটা অনুপ্রাণিত করতে চেয়েছেন তিনি। একই সঙ্গে ক্যানসারের এই লড়াই কতটা কঠিন, তা যারা এই পথ পাড়ি দিয়েছেন তারাই সবচেয়ে ভালো বোঝেন বলেও জানান।
সবশেষে সবার কাছে দোয়া চেয়ে সামিয়া আফরিন বলেন, আগেরবারের মতো এবারও যেন তিনি নিজের শক্তি ধরে রাখতে পারেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
মন্তব্য করুন