আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এর আগে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মাহদী আমিন বলেন, সাধারণত এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। পরের বছর পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য বিষয়গুলোর পাশাপাশি চাইলে সব বিষয়েও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।
তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। এতে শিক্ষাজীবনের স্বাভাবিক অগ্রগতি ব্যাহত হওয়ার পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়।
এ পরিস্থিতি বিবেচনায় সরকার প্রথমবারের মতো এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে আজ শনিবার বেলা ১১টায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
মন্তব্য করুন