সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ২০২৬ সালের শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্য সরোয়ার উদ্দিন আনসারী।
রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সীতাকুণ্ড, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ আয়োজনে যুবসমাজের উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু এবং সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মল হোসেন।
সরোয়ার উদ্দিন আনসারী ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করতে কাজ করছেন। স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের সহায়তা, পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।
এই স্বীকৃতি তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি সংগঠনের সদস্য এবং সমাজের কল্যাণে কাজ করা তরুণ স্বেচ্ছাসেবকদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।
সরোয়ার উদ্দিন আনসারীর প্রত্যাশা, তরুণদের সম্মিলিত শক্তি ও উদ্যোগকে কাজে লাগিয়ে একটি মাদকমুক্ত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি মনে করেন, সমাজ পরিবর্তনে প্রত্যেক তরুণের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা জরুরি। মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত।
তাঁর এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, এই সম্মাননা ভবিষ্যতে তাঁর মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।
মানবতার সেবায় তরুণদের এগিয়ে আসার প্রত্যয় নিয়ে সরোয়ার উদ্দিন আনসারীর আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
মন্তব্য করুন