কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাজারের ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। পরে প্রশাসন এবং স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করেন।
হামলার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে দাবি করেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলার ঘটনা। তিনি বলেন, বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না।
অন্যদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও ফেসবুকে এ ঘটনার প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলা। তার অভিযোগ, কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।
সারজিস আলম হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন