সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ।
বুধবার দুপুর ১২টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উল্লেখযোগ্য সংখ্যক নারী অংশ নেন।
সমাবেশে বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে উত্থাপিত অভিযোগের প্রসঙ্গ তুলে একজন জনপ্রতিনিধির নৈতিক জবাবদিহিতার প্রশ্ন উত্থাপন করেন। তারা সংসদ সদস্যের পদত্যাগ, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা সংসদ সদস্যের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
প্রতিবাদকারীরা বলেন, জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তাই আলোচিত ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান জানান তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবীর, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. মাসুদুল আলম, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে সমাবেশে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি প্রথমে দাবি করেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। পরে তিনি সংশ্লিষ্ট নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
মন্তব্য করুন