সোমবার (১২ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মহাসচিব স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি আব্বাস উদ্দিন স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় দলটি।
এর আগে, গত রোববার (১১ অক্টোবর) তাঁর পদ স্থগিত করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। কমিটির প্রধান করা হয় ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি অধ্যাপক কামাল উদ্দিনকে। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে অভিযোগের বিষয়ে আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভিডিও কলে থাকা নারী তাঁর স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। তাঁর ভাষ্য, যে মোবাইল ফোনে ভিডিওটি সংরক্ষিত ছিল, সেটি সম্প্রতি চুরি হয়ে যায়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আব্বাস উদ্দিন।
মন্তব্য করুন