জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি দিল্লিতে এসেছিলেন।
আন্দোলনে যোগ দেওয়ার আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে নিজের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। বিক্ষোভে অংশ নিতে আসা অন্য অনেককে শনিবার রাতে ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠিকে আটক রাখা হয়েছিল।
এদিকে, দিল্লিতে পৌঁছানোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করে দিল্লি পুলিশ।
ধ্রুব রাঠিকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ আগে পুলিশ জানায়, ওই তিন নেতাকে সতর্কতামূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ ধারা—শান্তি বজায় রাখার জন্য মুচলেকা এবং ১৭০ ধারা—আমলযোগ্য অপরাধ সংঘটন প্রতিরোধের বিধানের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য করুন