ভারতের দিল্লিতে বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার বিরুদ্ধে নতুন মামলা করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে মাত্র দুই দিনের মধ্যে রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে দ্বিতীয়বার এফআইআর করা হলো। এর আগে বুধবার ইন্ডিয়া জোটের বিক্ষোভের সময় অনুমতি ছাড়া আকাশবাণী ভবন চত্বরে প্রবেশের অভিযোগে তাদের ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করা হয়।
বুধবারের বিক্ষোভে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে নতুন মামলাটি করা হয়েছে। এতে কংগ্রেসের কয়েকজন নেতা ও বিক্ষোভে অংশ নেওয়া দলটির কর্মীদেরও আসামি করা হয়েছে। অভিযোগ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, ওই বিক্ষোভ থেকে মোট ৯১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একাধিক সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাও ছিলেন। রাহুল গান্ধীও বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার পর পুলিশের হাতে আটক হন।
জানা যায়, জনপথের একটি রেস্তোরাঁয় বৈঠক শেষে বিক্ষোভকারীরা বাসে করে যন্তর মন্তরের দিকে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নারী নেতা রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ করেন। তাদের হাতে ছিল ভারতের সংবিধানের কপি। পরে পুলিশ তাদের সরিয়ে বাসে তুলে নেয়।
বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এতে কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম), সিপিআই, আরজেডি ও আইইউএমএলসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা অংশ নেন।
মন্তব্য করুন