রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল আজ মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের ডাকা কর্মবিরতির কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন রুটে পরিবহন চলাচল ব্যাহত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে এ কর্মবিরতির সূচনা হয়। সোমবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও শ্রমিকদের একটি অংশ মঙ্গলবার সকাল ৬টা থেকে পুনরায় কর্মবিরতি শুরু করে। এর ফলে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও শ্রমিকদের একটি পক্ষ তা প্রত্যাখ্যান করে। পরে তারা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ঘটনার সঙ্গে অধিকাংশ বহিরাগত এবং আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা জড়িত ছিলেন। তিনি প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন এবং স্বচ্ছ প্রক্রিয়ার দাবি জানান।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী সংগঠনের আয়-ব্যয়ের হিসাব দিতে কর্তৃপক্ষ প্রস্তুত ছিল।
এদিকে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তারি বেগম জানান, বিরোধের বিষয়টি মীমাংসা হয়েছে। তবে মঙ্গলবারের কর্মবিরতি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
কর্মবিরতির কারণে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের উদ্যোগের দিকে নজর রয়েছে সবার।
মন্তব্য করুন