ফিফা ২০২৬ বিশ্বকাপের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে বিতর্কের মুখে পড়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ফ্রান্স জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ফ্রান্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ফরাসিরা। দলের দুর্দান্ত পারফরম্যান্সের পরই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন অমিতাভ বচ্চন।
ওই পোস্টে তিনি লেখেন, “এবার বলেই দিই। এই ফরাসি দলটায় ১১ জন ফুটবলার আছেন। এর মধ্যে ১০ জন কালো আর একজন সাদা। এটাই হলো কালো মানুষের শক্তি।”
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে গায়ের রঙকে সামনে আনা অনুচিত। তাদের মতে, আন্তর্জাতিক ফুটবলে একজন খেলোয়াড়ের পরিচয় তার দক্ষতা, পারফরম্যান্স ও দেশের প্রতিনিধিত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।
ফ্রান্স দলে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসের মতো কৃষ্ণাঙ্গ ফুটবলার যেমন রয়েছেন, তেমনি লুকাস ডিনে ও আদ্রিয়ান রাবিওর মতো শ্বেতাঙ্গ খেলোয়াড়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেকের মতে, বৈচিত্র্যময় এই দলটি দীর্ঘদিন ধরেই ঐক্য ও পারস্পরিক সহযোগিতার উদাহরণ হিসেবে পরিচিত।
সমালোচনাকারীদের একাংশ অমিতাভ বচ্চনের মন্তব্যকে ‘অসংবেদনশীল’ ও ‘অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন। তাদের বক্তব্য, খেলোয়াড়দের গায়ের রঙ বা জাতিগত পরিচয় নয়, বরং মাঠের পারফরম্যান্সই হওয়া উচিত মূল্যায়নের প্রধান ভিত্তি।
তবে এ বিষয়ে অমিতাভ বচ্চনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন