মঙ্গলবার ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, দলের প্রতিযোগিতায় টিকে থাকতে আরও ভালো খেলোয়াড় দলে আনা প্রয়োজন ছিল। বিশেষ করে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলেন তিনি।
মার্টিনেজ বলেন, “গত মৌসুমটা আমাদের দারুণ কেটেছিল। এখন আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু আশা করছি। প্রতিযোগিতায় টিকে থাকতে আরও খেলোয়াড় দলে ভেড়ানো প্রয়োজন। কারণ, অন্য অনেক দলই প্রচুর নতুন খেলোয়াড় নিয়েছে।”
দলবদলে বড় বিনিয়োগের প্রত্যাশা ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “হ্যাঁ, শতভাগ। আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। আমাকে সত্যিটা বলতেই হবে। তবে খেলোয়াড় হিসেবেও আমাদের আরও ভালো করতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুত থাকতে শক্তিশালী দল গড়ে তোলা জরুরি।”
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর টানা পাঁচ ম্যাচ জয়হীন রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বেড়েছে।
তবে কোচের পক্ষ নিয়ে মার্টিনেজ বলেন, ক্যারিক তাঁর সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু প্রতিটি মৌসুম আলাদা। আগের মৌসুমের কৌশল আঁকড়ে ধরে থাকলে চলবে না। প্রতিপক্ষ দলগুলো খেলার ধরন বুঝে ফেলায় কৌশলে পরিবর্তন আনা জরুরি।
কোচ বদল নিয়ে প্রশ্নের জবাবে মার্টিনেজ আরও বলেন, “আমরা তো কেবল একের পর এক কোচ বদলাতেই থাকি। কিন্তু অন্য বিষয়গুলোর কী হবে? এর বেশি কিছু বলা ঠিক হবে না।”
তার এই মন্তব্যে ম্যানচেস্টার ইউনাইটেডের দল গঠন, দলবদলে বিনিয়োগ এবং ক্লাব পরিচালনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মন্তব্য করুন