আর্জেন্টিনার জার্সিতে মঙ্গলবার শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ বেনিন। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। এর আগে শেষবারের মতো আর্জেন্টাইন ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলের এই কিংবদন্তি।
ম্যাচের আগে আর্জেন্টিনা জাতীয় দল সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ক্যাম্পে পৌঁছানোর একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কেন্দ্রে মেসিকে দেখা যায়। প্রকাশের পরপরই ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
দুই দশকেরও বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৩৯ বছর বয়সী মেসি। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। এরপরই আন্তর্জাতিক ফুটবলে অধিনায়কের বাহুবন্ধনী খুলে রাখবেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির বিদায়ী ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রায় ৮৫ হাজার দর্শক। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের অনেক সতীর্থের পাশাপাশি আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলাররাও থাকবেন এই ম্যাচে।
আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা শিরোপা। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৬৮ বার।
এর আগে আড়াই মাস আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরেছিল আর্জেন্টিনা। নিউ জার্সিতে অনুষ্ঠিত সেই ম্যাচে মেসি নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না। ম্যাচ শেষে কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।
আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তখন তিনি জানিয়েছিলেন, জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চটা দিয়েছেন এবং এখন তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে।
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। তবে ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তনের পর তিনি জানিয়েছেন, প্রত্যাশার আগেই পুরোপুরি ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন।
মন্তব্য করুন