২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে বাংলাদেশও। আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত ফাইনাল উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ লাইভ স্ক্রিনিং ও জমকালো কনসার্ট। দর্শকদের বাড়তি আনন্দ দিতে একাধিক মঞ্চে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীর বনানীর পূজা মাঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বড় পর্দায় উপভোগ করার পাশাপাশি থাকবে লাইভ মিউজিক পারফরম্যান্স। এ আয়োজনে সঞ্জয় দেবের সঙ্গে মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।
সম্প্রতি কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ ফ্যানফেস্টেও অংশ নেন তিনি। সেই বিশ্বকাপ সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের মাতাতে এসেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সঞ্জয় দেব ইতোমধ্যে ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নিতে রওনা দেবেন।
অন্যদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি বিশেষ অনুষ্ঠান। এখানে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে লাইভ কনসার্ট।
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এছাড়া মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (১৯ জুলাই) রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। ফুটবল ও সংগীত—দুইয়ের সমন্বয়ে বিশ্বকাপ ফাইনালকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন