নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, আলোচনায় মেট্রোরেল ব্যয় কমানো ও ১৩.৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক ছাড়াও দেশটির বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ঢাকার মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় কমানো, জাপানের ঋণের সুদের হার হ্রাস এবং প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো নির্মাণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সফরের তৃতীয় দিন ২৮ অক্টোবর জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি), তৈরি পোশাক প্রতিষ্ঠান ইউনিক্লো এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মিৎসুই অ্যান্ড কোম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরার প্রতিনিধিদের সঙ্গে পৃথক আলোচনা এবং জাপানের আরও ১৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দুটি দলীয় বৈঠকে অংশ নেবেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর ও মানবসম্পদ উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। একই দিন টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পাবে।

সফরের শেষ দিন ২৯ অক্টোবর নাগোয়া শহরে যাবেন তারেক রহমান। সেখানে টয়োটা মোটর করপোরেশনের মটোমাচি কারখানা এবং টয়োটা কমেমোরেটিভ মিউজিয়াম অব ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করবেন তিনি। পরে টোকিও ফিরে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। এসব খাতে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন থেকে চারটি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসতে পারে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা এবং জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের জন্য জাপানি বিনিয়োগ আকর্ষণ এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য। বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৬-৩১ মেয়াদে জাপানের সঙ্গে ১২টি অগ্রাধিকার খাতে ১৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও সহযোগিতা প্যাকেজের প্রস্তাব প্রস্তুত করছে বাংলাদেশ।

প্রস্তাবিত প্যাকেজে পরিবহন ও নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলার, মাতারবাড়ীসহ সমন্বিত শিল্প ও বন্দরকেন্দ্রিক উন্নয়নে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার, উৎপাদন ও ইলেকট্রনিকস খাতে ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার, জ্বালানি ও সবুজ রূপান্তরে ১ দশমিক ২৬ বিলিয়ন ডলার এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়নে ৯৪০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব রয়েছে। পাশাপাশি কৃষি, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, ব্লু ইকোনমি, পর্যটন ও ক্ষুদ্র-মাঝারি শিল্পসহ অন্যান্য খাতের জন্য ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে।

গত ২০ অক্টোবর বাংলাদেশ ও জাপান সরকার আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেয়। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হওয়ায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার বিষয়গুলোও সফরে গুরুত্ব পাবে।

স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ঢাকার মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে দেশটি সহযোগিতা দিয়ে আসছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা জাপান সফরে যাচ্ছেন।

সংশ্লিষ্টদের আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সুযোগ তৈরি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

১

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

২

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৩

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৪

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৫

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৬

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৭

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৮

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৯

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১০

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১১

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১২

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৩

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৪

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৫

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৬

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৭

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৯

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

২০