ইশরাক হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
পদত্যাগের প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে তিনি আরও লেখেন, ফেসবুকে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি দেখেছেন তিনি। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদের দেশে ফিরে আন্দোলনে যোগ দেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক। তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। পরে ইশরাক হোসেন বিষয়টিকে ‘গুজব’ বলে উল্লেখ করেন এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।
ঘটনার সূত্রপাত গত শনিবার (১৭ অক্টোবর)। ওই দিন নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অভিযান চালান ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযান চলাকালে তাঁর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই রোববার রাতে তাঁর পদত্যাগের নির্দেশসংক্রান্ত খবর প্রচারিত হয়।
মন্তব্য করুন