বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’ শিরোনামের ওই পোস্টে জামায়াত আমির আখতারুজ্জামানের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে নিজের বক্তব্য তুলে ধরেন।
শফিকুর রহমান লিখেছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তার ভাষ্য, এর মাধ্যমে তিনি ভুক্তভোগী যাত্রীদের, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।

জামায়াত আমির আরও লিখেছেন, ‘তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।’
পোস্টের শেষাংশে শফিকুর রহমান বলেন, ‘জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন। আমিন।’
মন্তব্য করুন