জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বার্সের কাউন্সেল গ্রায়েম এল. হল।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী জানান, তার সঙ্গে কাজ করার জন্যই গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।
চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে কারফিউ জারি এবং মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, আসামিদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় অনেক ছাত্র-জনতা নিহত হন। এসব নির্যাতন বন্ধে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও অপর আসামি আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনালাপের কথাও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় সালমান এফ রহমানের পক্ষে বর্তমানে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী লড়ছেন। তার সঙ্গে কাজ করার জন্যই যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বার্সের কাউন্সেল গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেন।
বার কাউন্সিল সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট আবেদনটি গ্রহণ করা হয়েছে। তবে বিদেশি এই আইনজীবীকে মামলায় আইনি লড়াইয়ের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
মন্তব্য করুন