রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সংসদের প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
অন্যদিকে, অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাই শেষে একটি বৈধ ঘোষণা করায় অপর মনোনয়নপত্রটিও নিয়ম অনুযায়ী বাতিল হয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন।
রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় এখন মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষে নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।
মন্তব্য করুন