প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয় এখনো জানা যায়নি।
এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন দীনেশ ত্রিবেদী।
সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’
দুই দেশের শীর্ষ নেতার মধ্যে আলোচনা হলে বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের পথ তৈরি হয়।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ রয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান সম্ভব। এ ক্ষেত্রে তিনি কোনো নেতিবাচক বিষয় দেখছেন না; বরং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক থাকার কথা জানান।
মন্তব্য করুন