বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুণগত পরিবর্তনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, রাজনীতি এখন আদর্শ ও জনসেবার পথ থেকে সরে গিয়ে অনেকাংশে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ফলে সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান রাজনৈতিক কর্মীরা ক্রমেই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় বরিশাল নগরীর কলেজ এভিনিউস্থ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর লেবার পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ইরান বলেন, “বর্তমানে সমাজের নানা স্তরে দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, মানবপাচারকারী, মাদক ব্যবসায়ী এবং কালোবাজারি সিন্ডিকেটের প্রভাব বিস্তার করেছে। অর্থ ও সম্পদের মোহে রাজনীতি আজ অনেকের কাছে ব্যবসার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক অঙ্গনে অরাজনৈতিক শক্তির অনুপ্রবেশ রাজনৈতিক সংস্কৃতি ও চরিত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।”
তিনি অভিযোগ করেন, অতীতে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সঙ্গে জড়িত অনেক ব্যক্তি বিপুল অর্থবলের প্রভাবে জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছেছেন, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, “অর্থ, অস্ত্র, কালো টাকা, পেশীশক্তি ও সন্ত্রাসনির্ভর রাজনীতির অবসান ঘটানোর প্রত্যাশা থেকেই ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান। আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু জুলাইয়ের চেতনা বিসর্জন দেব না।”
তিনি আরও বলেন, দেশের মানুষ একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, আউয়াল মিয়া ও নাঈমদের আত্মত্যাগের উদ্দেশ্য ছিল নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন বাস্তবায়নে লেবার পার্টিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।
বরিশাল মহানগর লেবার পার্টির সভাপতি মো. সোহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই এবং বাংলাদেশ যুব মিশনের আহ্বায়ক সালমান খান বাদশা।
এছাড়া বক্তব্য দেন বরিশাল জেলা লেবার পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান হাওলাদার, পটুয়াখালী জেলা লেবার পার্টির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন হাওলাদার, ঝালকাঠি জেলা লেবার পার্টির সমন্বয়কারী মোহাম্মদ মাসুদ খান, পিরোজপুর জেলা লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ওয়ালি উল্লাহ হাওলাদার এবং নেছারাবাদ উপজেলা লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. সাদেক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন