জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে সরকারও জনগণের সমর্থন হারাবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
শনিবার (১৮ জুলাই) বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা নতুন শাসনব্যবস্থা চাই, গণভোটের রায়ের বাস্তবায়ন চাই। ক্ষমতায় যাওয়ার পর যদি গণভোটের রায় উপেক্ষা করা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না। গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।”
তিনি অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা থেকে সরে যাচ্ছে এবং ফ্যাসিবাদী আচরণের পথে হাঁটছে। সরকারকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতারণার রাজনীতি দীর্ঘস্থায়ী হবে না।
দক্ষিণাঞ্চলের উন্নয়নের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, ভোলা সেতু নির্মাণ, দক্ষিণাঞ্চলে রেললাইন সম্প্রসারণ এবং বরিশালের উন্নয়নে বৈষম্য দূর করা জরুরি। দেশের সব অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করারও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ২৫ জুলাই সিলেটের সমাবেশের আগেই গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত। অন্যথায় ঢাকায় বৃহত্তর কর্মসূচির জন্য প্রস্তুত থাকার ঘোষণা দেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, গণভোটের প্রতিশ্রুতি থেকে সরকার সরে এসেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি সংস্কার বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া সমাবেশে এলডিপি, এবি পার্টি, লেবার পার্টি, জাগপা, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শুরুর আগে থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। দুপুরের আগেই পুরো সমাবেশস্থল জনসমাগমে পূর্ণ হয়ে যায়।
মন্তব্য করুন