দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে কিছু মহল পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পরীক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন রেখে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন।
তিনি বলেন, পরীক্ষার্থীরা তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করেছে এবং সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার দুটি প্রশ্নে ভুল থাকার অভিযোগ তদন্ত করা হবে। দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের মূল্যায়নে যুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তিনি জানান, কোনো পরীক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে না পারলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলাকালে তাদের জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হবে।
শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে বিতর্কের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই মন্তব্যে অনেকে কষ্ট পেয়েছেন এবং বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন।
সরকারকে বিব্রত করার অভিযোগে জড়িতদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনাকে সরকার অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না। তার ভাষায়, কয়েকটি জেলা ও ঢাকার কিছু স্থানে সীমিত পরিসরে এমন তৎপরতা দেখা গেছে। গণমাধ্যমে আলোচনায় আসায় বিষয়টি গুরুত্ব পেয়েছে, তবে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন